পশ্চিমবঙ্গের আকাশ থেকে বর্ষার মেঘ সরেনি। তবে এবার বর্ষা বিদায় নিয়ে বড় খবর দিল আবহাওয়া দফতর। আজ,৩ অক্টোবর, দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত। উত্তর ও মধ্য ভারতের আরও কিছু এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। অন্যদিকে দক্ষিণ ভারত ও উত্তর-পূর্বের একাধিক রাজ্যে বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতর ২ অক্টোবর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকা থেকে বর্ষা সরে যেতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, গুজরাত ও মধ্যপ্রদেশের অধিকাংশ এলাকা থেকে মৌসুমি বায়ু আরও সরে যেতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের একদিকে যখন মৌসুমি বায়ু বিদায়ের পথে, অন্যদিকে দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি অঞ্চলে বৃষ্টি আরও কিছুদিন চলবে।

