রাজ্যে ভোটার তালিকায় SIR প্রক্রিয়ায় ‘এএসডিডি’ (মৃত, স্থায়ী ভাবে অনুপস্থিত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট) তালিকাভুক্ত ভোটারদের মধ্যে কেউ যোগ্য থাকলে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানাতে পারবেন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর সোমবার রাতে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এএসডিডি’ তালিকাভুক্ত হওয়ার জন্য কারও নাম ‘সার’-এর ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকলে তাঁরা নতুন করে ফর্ম-৬ পূরণ করে অনলাইনে অথবা বিএলও–দের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তবে বাংলায় অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন জানানো বাতিল ভোটারদের ভবিষ্যৎ কী, তা স্পষ্ট করেনি কমিশন।
কাদের নাম বাদ পড়েছে, তা সিইও দপ্তরের পোর্টালে (ceowestbengal.wb.gov.in/asd_sir) ক্লিক করে জানা যাবে। এ ছাড়াও সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের পোর্টালেও বুথ ভিত্তিক ‘এএসডিডি’ তালিকা রয়েছে। ‘ভুলবশত’ কারও নাম ওই তালিকায় থাকলে, অর্থাৎ ভোটার লিস্ট থেকে বাদ পড়লে তিনি ফর্ম–৬ পূরণ করে আবেদন জানাতে পারবেন। পাশাপাশি যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, তাঁরাও অনলাইনে বা বিএলও–দের মাধ্যমে ফর্ম-৬ পূরণ করতে পারবেন।
বাংলায় ‘এএসডিডি’ তালিকাভুক্ত ৫৮ লক্ষ ২০ হাজার নাম বাদ পড়েছিল। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৬ হাজার। অনুপস্থিত ও স্থানান্তরিত ভোটার প্রায় ৩২ লক্ষ ৬৫ হাজার, ডুপ্লিকেট ভোটার প্রায় ১ লক্ষ ৩৮ হাজার। এ ছাড়াও ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি থাকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫টি নাম বাদ পড়ে। এর মধ্যে জুডিশিয়াল অফিসাররা নথি যাচাই করে প্রায় ৩২ লক্ষ নাম যুক্ত করেন, বাদ দেন প্রায় ২৭ লক্ষ। এঁদের মধ্যে আবার ২২ লক্ষের কিছু বেশি মানুষ অ্যাপিলেট ট্রাইব্যুনালে গিয়েছেন। ‘অ্যাজুডিকেশনে’ পাশ করা ১৬ লক্ষ নাম বাদ দিতে ট্রাইব্যুনালে গিয়েছে কমিশন।

